উয়েফা সুপার কাপ
সুপার কাপ প্রিভিউ: পিএসজি বনাম অ্যাস্টন ভিলা
২০২৬/২৭ নতুন মৌসুমের প্রথম শিরোপার লড়াই

ইউরোপীয় ফুটবলে নতুন মৌসুমের পর্দা উঠছে উয়েফা সুপার কাপ দিয়ে। অস্ট্রিয়ার সালজবুর্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। বাংলাদেশ সময়, আজ রাত ১টায় (বৃহস্পতিবার) শুরু হবে ম্যাচটি।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা পিএসজির সামনে এবার আরেকটি অনন্য কীর্তি গড়ার সুযোগ। আধুনিক যুগে রিয়াল মাদ্রিদের পর মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা দুই বছর সুপার কাপ জয়ের কীর্তি গড়তে পারে ফরাসি ক্লাবটি। গত বছর টটেনহ্যামকে পেনাল্টি শুটআউটে হারিয়ে এই ট্রফি জিতেছিল তারা।
তবে বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে ম্যাচটি হওয়ায় পিএসজির স্কোয়াড পুরোপুরি প্রস্তুত কিনা তা দেখার বিষয়। বিশ্বকাপজয়ী স্পেনের ফাবিয়ান রুইজ এবং ফ্রান্সের উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে তাদের শারীরিক অবস্থাও ম্যাচের আগে বড় প্রশ্ন। এছাড়া জর্জিয়া বিশ্বকাপে জায়গা না পাওয়ায় খভিচা কাভারাতস্কেলিয়া দীর্ঘ সময় ধরেই অনুশীলনে রয়েছেন। নতুন মৌসুমে বাঁ প্রান্তে তার শুরু করা প্রায় নিশ্চিত।
মোনাকো থেকে আসা নতুন সংযোজন মাগনেস আকলিউশে ডান প্রান্তে খেলতে পারেন। পিএসজির একাদশে ফিরতে পারেন সাবেক অ্যাস্টন ভিলা তারকা লুকাস দিনিয়ে। মাত্র কয়েক দিন আগেই প্রায় ১ কোটি ইউরোতে ভিলা থেকে তাকে দলে ফিরিয়েছে পিএসজি। ২০১৩ সালে প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়া দিনিয়ে পরে রোমা, বার্সেলোনা, এভারটন ও ভিলায় খেলেছেন। তবে পিএসজিকে ভিলার আক্রমণে বিশেষভাবে নজর রাখতে হবে, বিশেষ করে ওলি ওয়াটকিন্সের উপর।

অন্যদিকে, উনাই এমেরির অধীনে গত কয়েক বছর ধরে দুর্দান্ত সময় কাটানো দলটি গত মে মাসে ফ্রাইবুর্গকে হারিয়ে ৩০ বছরের শিরোপা-খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতেছে। তবে অ্যাস্টন ভিলার দলেও এসেছে বড় পরিবর্তন। ইউরোপা লিগ ফাইনালে গোল করা মরগান রজার্স চেলসিতে এবং ইউরি তিলেমান্স ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছেন। নতুন সংযোজন জোয়াও গোমেস ও সুইস তারকা জোহান মানজাম্বি। তবে হাঁটুর চোটের কারণে মানজাম্বি এই ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু দীর্ঘ চোট কাটিয়ে বুবাকার কামারাও ফিরেছেন। গত মৌসুমে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জিতেছিল ভিলা। সেই সাফল্যের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও ফিরছে তারা।
দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে ৩-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরেছিল পিএসজি। তবে দুই ম্যাচ মিলিয়ে ৫-৪ ব্যবধানে সেমিফাইনালে উঠেছিল ফরাসি দলটি।
পরিসংখ্যানেও এগিয়ে পিএসজি। সুপার কাপে উনাই এমেরির রেকর্ডও খুব একটা সুখকর নয়। আগের তিনবারই হেরেছেন তিনি। বিপরীতে লুইস এনরিকে তার আগের দুই সুপার কাপ ম্যাচেই জয় পেয়েছেন।

ম্যাচটির আরেকটি আলোচিত বিষয় সোমালিয়ার রেফারি ওমর আরতানের দায়িত্ব পাওয়া। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ভেটিং-সংক্রান্ত আপত্তির কারণে তাকে বিশ্বকাপে দায়িত্ব দেওয়া হয়নি। তবে কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার যোগসূত্রের দাবির পক্ষে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে প্রমাণ দেয়নি। আফ্রিকার গত মৌসুমের সেরা রেফারি হিসেবে বিবেচিত আরতানকে এবার সুপার কাপের দায়িত্ব দিয়ে ইউরোপীয় ফুটবলে বড় মঞ্চে সুযোগ দিয়েছে উয়েফা। তার সঙ্গে আফ্রিকার আরও দুই কর্মকর্তা সহকারী হিসেবে থাকবেন।
সম্ভাব্য একাদশ
পিএসজি: সাফোনভ; জাবারনি, মারকিনিওস, উইলিয়ান পাচো, নুনো মেন্দেস; জোয়াও নেভেস, ভিতিনিয়া, দ্রো ফের্নান্দেজ; এমবায়ে, মায়ুলু, কাভারাস্কেইয়া।
অ্যাস্টন ভিলা: বিজো; ক্যাশ, লিন্ডেলফ, পাও তোরেস, মাতসেন; জোয়াও গোমেস, কামারা; ম্যাকগিন, বুয়েন্দিয়া, গারনাচো; আব্রাহাম।
সব মিলিয়ে, বিশ্বকাপ-পরবর্তী ক্লান্তি ও চোট-সমস্যা পিএসজির জন্য বড় চ্যালেঞ্জ হলেও কাগজে-কলমে তারাই ফেভারিট। তবে পিএসজির জন্য ম্যাচটি মোটেও সহজ পরীক্ষা নয়। গত মৌসুমের সুপার কাপে টটেনহ্যামকে হারাতে পেনাল্টি শুটআউটের প্রয়োজন হয়েছিল পিএসজির। এবার তাদের প্রতিপক্ষ আরও শক্তিশালী অ্যাস্টন ভিলা। তাই নতুন মৌসুমের প্রথম শিরোপা জিততে এনরিকের দলকে শুরু থেকেই সেরা ফুটবল খেলতে হবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।