খেলারদেশ

রিয়াল মাদ্রিদ

মরিনিওর ‘রদ্রি’ সমাধান

রদ্রিকে দলে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ, মাঝমাঠের সমাধান হিসেবে জোসে মরিনিওর নতুন পরিকল্পনা

মরিনিওর ‘রদ্রি’ সমাধান

জোসে মরিনিও

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর নতুন সমাধান খুঁজছে রিয়াল মাদ্রিদ। তবে ট্রান্সফার বাজারে নতুন খেলোয়াড় খোঁজার পরিবর্তে নিজের দলের একজনকেই নতুন ভূমিকায় দেখতে চাইছেন জোসে মরিনিও। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, রিয়াল কোচ এবার মিডফিল্ডে খেলানোর কথা ভাবছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে।

ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড

ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ছিলেন মরিনিওর অন্যতম প্রধান লক্ষ্য। জার্মান কিংবদন্তি টনি ক্রুসের বিদায়ের পর থেকে রিয়ালের মাঝমাঠে যে ভারসাম্যের অভাব দেখা দিয়েছে, তা দূর করার জন্যই রদ্রিকে সবচেয়ে উপযুক্ত বিকল্প মনে করেছিলেন তিনি। কিন্তু স্প্যানিশ এই মিডফিল্ডারের বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা বাড়তে থাকায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছে রিয়াল।

বর্তমানে অরেলিয়েন চুয়ামেনি, ফেদেরিকো ভালভার্দে, জুড বেলিংহ্যাম ও বার্নার্দো সিলভাকে নিয়ে শক্তিশালী মাঝমাঠ থাকলেও এখনো সেরা সমন্বয় খুঁজে পাননি মরিনিও। প্রাক-মৌসুমে তিনি মূলত ৪-২-৩-১ ফরমেশন ব্যবহার করেছেন। সেই সময় কয়েকটা ম্যাচে আলেক্সান্ডার-আর্নল্ডকে ডান প্রান্তের বদলে ভেতরের দিকে খেলিয়ে নিরীক্ষাও করেছেন বলে জানা গেছে।

লিভারপুল থেকে ২০২৫ সালে ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেওয়া আর্নল্ড মূলত একজন রাইট-ব্যাক। তবে তাঁর নিখুঁত পাস, দূরদৃষ্টি এবং খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতার কারণে অনেক দিন ধরেই তাকে মাঝমাঠে খেলানোর আলোচনা চলছে। এদিকে নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিসের আগমন মরিনিওর পরিকল্পনাকে আরও সহজ করে দিয়েছে। ডান প্রান্তে পর্যাপ্ত বিকল্প থাকায় আর্নল্ডকে মাঝমাঠে খেলানোর সুযোগ তৈরি হয়েছে।

অনেকেই ধারণা করেছিলেন, রদ্রিকে না পেলে নতুন কোনো মিডফিল্ডার কিনবে রিয়াল মাদ্রিদ। কিন্তু মরিনিও যেন ভিন্ন পথেই হাঁটতে চাইছেন। শুধু দেখার পালা, রাইট-ব্যাক থেকে মিডফিল্ডার হয়ে ওঠার পরীক্ষায় ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড মরিনিওকে সন্তুষ্ট করতে পারেন কিনা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।