ব্রেকিং নিউজ
১১ বছর পর আবার মাঠে রোনালদিনিয়ো!
ইতালির তৃতীয় বিভাগের রাভেন্নায় ফিরছেন ৪৬ বছর বয়সী কিংবদন্তি

১১ বছর পর আবার মাঠে রোনালদিনিয়ো!
ফুটবল থেকে অবসরের ১১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন রোনালদিনিয়ো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। তবে এবার তার লক্ষ্য কোনো শিরোপা কিংবা রেকর্ড না, ক্যারিয়ারের শেষ গোল করা।
৪৬ বছর বয়সী রোনালদিনিয়ো ইতোমধ্যে ইতালিতে পৌঁছেছেন। তাকে ঘিরে রাভেন্না আয়োজন করেছে বিশেষ এক উপস্থাপনা অনুষ্ঠান। আদ্রিয়াটিক উপকূলে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে প্রায় ৬ হাজার সমর্থকের উপস্থিতি আশা করা হচ্ছে।

রাভেন্নায় যোগ দিতে ইতালিতে পৌঁছেছেন রোনালদিনিয়ো
রোনালদিনিয়োর এই প্রত্যাবর্তনের পেছনে অবশ্য শুধু ফুটবল নেই। সাবেক ব্যালন ডি’অরজয়ী তারকা রাভেন্নার মালিকানা গোষ্ঠীরও অংশ হতে যাচ্ছেন। ক্লাবটির মালিকানা গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ইগ্নাসিও চিপ্রিয়ানি, যিনি ভেনিসের বিখ্যাত ‘হ্যারি’স বার’-এর প্রতিষ্ঠাতা জিউসেপ্পে চিপ্রিয়ানির নাতি। চিপ্রিয়ানি স্পষ্ট করে দিয়েছেন, রোনালদিনিয়োর আগমন কোনো প্রচারণামূলক কৌশল নয়। তিনি রাভেন্নার একজন শেয়ারহোল্ডারও হবেন।
তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, রোনালদিনিয়ো আনুষ্ঠানিক পেশাদার ম্যাচে রাভেন্নার হয়ে মাঠে নামবেন। তার লক্ষ্য একটাই, ক্যারিয়ারের শেষ গোল করা। রাভেন্নার মালিকানা গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাব ও শহরের জন্য এটা রোনালদিনিয়োর বিশেষ উপহার। ফুটবল ক্যারিয়ারের শেষ গোলটি নিজের নতুন ক্লাবের জার্সিতে করার লক্ষ্য নিয়েই তিনি মাঠে ফিরবেন।
তবে ঠিক কবে তাকে মাঠে দেখা যাবে, তা এখনো নিশ্চিত নয়। চলতি সপ্তাহান্তে রাভেন্নার মৌসুমের প্রথম ম্যাচে রেজ্জিয়ানার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ কোচ আন্দ্রেয়া মন্দোরলিনির অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেননি রোনালদিনিয়ো। তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচও হয়েছিল এক যুগেরও বেশি সময় আগে। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের জার্সিতে শেষবার পেশাদার ম্যাচ খেলেছিলেন। এরপর আর কোনো অফিসিয়াল ম্যাচে দেখা যায়নি তাকে।

ইতালিয়ান ফুটবলের সঙ্গেও রোনালদিনিয়োর পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১০/১১ মৌসুম পর্যন্ত তিনি এসি মিলানে খেলেছেন। মিলানে আড়াই মৌসুম কাটানোর পর ২০১১ সালের জানুয়ারিতে ব্রাজিলের ফ্লামেঙ্গোয় যোগ দেন। এর আগে প্যারিস সাঁ-জার্মেই, বার্সেলোনা, এসি মিলান, আতলেতিকো মিনেইরো ও কেরেতারোর মতো ক্লাবের হয়ে খেলেছেন তিনি। বার্সেলোনায় কাটানো সময়েই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ব্রাজিলের হয়ে ৯৭টি ম্যাচ খেলে ২০০২ বিশ্বকাপও জিতেছেন রোনালদিনিয়ো। ব্যক্তিগত সাফল্যের তালিকায় রয়েছে ব্যালন ডি’অরও। এবার সেই কিংবদন্তি আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরতে চলেছেন ৪৬ বছর বয়সে, অবসরের ১১ বছর পর। রাভেন্নার জার্সিতে যদি সত্যিই গোল করতে পারেন, তা হবে রোনালদিনিয়োর বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে অদ্ভুত অথচ সবচেয়ে রোমান্টিক সমাপ্তিগুলোর একটি।
রোনালদিনিয়োর কারাগারের দিনগুলো


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।