খেলারদেশ

রিয়াল মাদ্রিদ

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

লা লিগার নতুন মৌসুমে এস্পানিওলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ, যত রেকর্ড ও উল্লখ্যযোগ্য বিষয়

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

রাতে মাঠে নামছে রিয়াল, প্রতিপক্ষ এস্পানিওল

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

নতুন মৌসুম, নতুন কোচ, নতুন কিছু মুখ; সব মিলিয়ে ভিন্ন এক আবহে ২০২৬/২৭ লা লিগা শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে আরসি ডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে জোসে মরিনিওর দল। গ্রীষ্মের দলবদলে বড় ধরনের পরিবর্তনের পর এই ম্যাচ দিয়েই শুরু হবে নতুন রিয়াল মাদ্রিদ প্রকল্পের প্রতিযোগিতামূলক অধ্যায়।

গত দুই মৌসুমে লা লিগার শিরোপা হাতছাড়া করেছে রিয়াল। দুইবারই শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে পিছিয়ে পড়েছে তারা। ফলে এবার শিরোপা পুনরুদ্ধারের চাপটা বেশ বড়। তার ওপর গ্রীষ্মে ক্লাবের বড় বিনিয়োগ এবং মরিনিওর মতো অভিজ্ঞ কোচকে ফিরিয়ে আনার পর প্রত্যাশাও বেড়েছে অনেক।

Image

এ কারণে এস্পানিওলের বিপক্ষে প্রথম ম্যাচটি শুধুই মৌসুমের উদ্বোধনী ম্যাচ না, বরং নতুন রিয়ালের প্রথম বড় পরীক্ষা। গত মৌসুমে এই মাঠ থেকেই জয় নিয়ে ফিরেছিল রিয়াল। তবে তার আগে আরসি ডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে তিন ম্যাচের দুইটাতেই জয় পায়নি তারা। তাই শুরুটা যতটা সম্ভব নিখুঁত করতে চাইবে মরিনিওর দল। এস্পানিওলের বিপক্ষে অতীতের রেকর্ড যেমন রিয়ালের পক্ষে, তেমনি লিগের উদ্বোধনী ম্যাচেও রয়েছে অনন্য ধারাবাহিকতা।

পরিসংখ্যান অনুযায়ী, লা লিগায় এস্পানিওলের বিপক্ষে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলেছে রিয়াল। এর মধ্যে ১১০টিতেই জয় পেয়েছে তারা। ড্র হয়েছে ৩৩ ম্যাচে, আর হার ৩৭টিতে। কোনো প্রতিপক্ষের বিপক্ষে লা লিগার ইতিহাসে এর চেয়ে বেশি জয় আর কোনো দল পায়নি। এস্পানিওলের মাঠেও রিয়ালের আধিপত্য বেশ স্পষ্ট। আরসি ডিই স্টেডিয়ামে লা লিগায় দুই দলের ১৫ দেখায় ১১টিতেই হেরেছে এস্পানিওল। জিতেছে মাত্র তিনবার, আর একটা ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। লিগে নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে এত বেশি হার আর কোনো দলের বিপক্ষে নেই এস্পানিওলের।

Image

তবে সাম্প্রতিক সময়ে চিত্রটা কিছুটা বদলেছে। নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে শেষ সাত লা লিগা ম্যাচে এস্পানিওল তিনটা জিতেছে এবং চারটা ড্র করেছে। অর্থাৎ ওই সাত ম্যাচে রিয়াল একবারও জিততে পারেনি। এর আগে অবশ্য পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন। আরসি ডিই স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে আগের নয় ম্যাচের আটটিতেই হেরেছিল এস্পানিওল। অন্য ম্যাচটি হয়েছিল ড্র।

Image

তারপরও সামগ্রিক ইতিহাসে রিয়ালের এগিয়ে থাকার ব্যবধান অনেক বড়। আর এবার সেই ইতিহাসের সঙ্গে যোগ হচ্ছে উদ্বোধনী ম্যাচের আরেকটি দুর্দান্ত রেকর্ড। লা লিগার প্রথম ম্যাচে টানা ১৭ মৌসুম ধরে অপরাজিত রিয়াল মাদ্রিদ। এই সময়ে তারা জিতেছে ১২টি ম্যাচ, ড্র করেছে পাঁচটিতে। উদ্বোধনী ম্যাচে তাদের সর্বশেষ হার এসেছিল ২০০৮ সালের আগস্টে, দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ২-১ গোলে। লা লিগার ইতিহাসে কোনো দলের উদ্বোধনী ম্যাচে টানা অপরাজিত থাকার এটিই দীর্ঘতম ধারা।

এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই মরিনিওর একাদশ। এবারের গ্রীষ্মে রিয়ালের স্কোয়াডে এত পরিবর্তন এসেছে যে গত মৌসুমের দলের সঙ্গে বর্তমান দলের বেশ কিছু জায়গায় বড় পার্থক্য দেখা যাচ্ছে। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবখানেই এসেছে পরিবর্তনের ছোঁয়া। এস্পানিওলের বিপক্ষেই প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে মরিনিওর রিয়ালকে। তিনি কোন ফরমেশনে দল সাজান, মাঝমাঠে কাদের ওপর আস্থা রাখেন, আক্রমণভাগে কী ধরনের ভারসাম্য তৈরি করেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কীভাবে পরিবর্তন আনেন, সবকিছুই থাকবে আলোচনায়।

বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও ডেনজেল ডামফ্রিসের লড়াই, সেন্টার-ব্যাকে ডিন হুইসেন, আন্তোনিও রুডিগার ও ইব্রাহিমা কোনাতের সমীকরণ এবং মাঝমাঠে ফেদেরিকো ভালভার্দে, চুয়ামেনি, বার্নার্দো সিলভা ও কামাভিঙ্গার মধ্যকার প্রতিযোগিতা মরিনিওর জন্য বড় সিদ্ধান্তের জায়গা হয়ে উঠতে পারে।

Image

এই ম্যাচে নতুন খেলোয়াড়দের আনুষ্ঠানিক অভিষেকও বাড়তি আকর্ষণ তৈরি করবে। গ্রীষ্মে ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, বার্নার্দো সিলভা, কার্লোস এস্পি, ইয়ান দিওমান্দে ও মার্ক কুকুরেয়াসহ বেশ কয়েকজন নতুন ফুটবলার দলে যোগ দিয়েছেন। তারা প্রাক-মৌসুমে মাঠে নামলেও এস্পানিওলের বিপক্ষের ম্যাচই হবে রিয়ালের জার্সিতে তাদের প্রথম অফিসিয়াল ম্যাচ। নতুনদের মধ্যে ডামফ্রিস, কুকুরেয়া ও দিওমান্দের শুরুর একাদশে থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি। বার্নার্দো সিলভাও একাদশে জায়গা পেতে পারেন। অন্যদিকে কোনাতে ও এসপির ক্ষেত্রে বেঞ্চ থেকে নেমে অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি।

সব মিলিয়ে এস্পানিওলের বিপক্ষে ম্যাচটি রিয়ালের জন্য একসঙ্গে তিনটি প্রশ্নের উত্তর দেবে—মরিনিওর নতুন কৌশল কেমন, নতুন খেলোয়াড়রা কতটা দ্রুত মানিয়ে নিতে পারেন এবং দীর্ঘদিন পর লা লিগার শিরোপা পুনরুদ্ধারের জন্য রিয়াল কতটা প্রস্তুত। মৌসুমের প্রথম ম্যাচ হলেও তাই মাদ্রিদ সমর্থকদের চোখ থাকবে শুধু ফলাফলের দিকে না, নতুন এই রিয়ালের চেহারার দিকেও।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।