খেলারদেশ

আবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক

মাত্র ২২ বলের স্পেলে বাংলাদেশের বিপক্ষে ম্যাকায় টেস্টে ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, টাইগাররা দ্বিতীয় টেস্ট শুরু করেছে দুঃস্বপ্নের মতো।

আবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক

৫ উইকেট নেওয়ার পর স্টার্ক

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ম্যাকায়ে দ্বিতীয় টেস্টটি বাংলাদেশ শুরু করেছে দুঃস্বপ্নের মতো। মাত্র সপ্তম ওভারেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট। স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ১২ রান। বাংলাদেশের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। টাইগারদের পতন হওয়া সব উইকেট নিয়েছেন এই ৩৬ বছর বয়সী বাঁহাতি পেসার।

ইনিংসের প্রথম বলেই স্লিপে শাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানান স্টার্ক। মমিনুল ক্রিজে এসে দুটি চারের মার দিয়ে ইতিবাচক সূচনার ইঙ্গিত দেন। কিন্তু দলীয় ৯ রানে পর পর দুই বলে আরেক ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। তানজিদ স্লিপে ক্যাচ দেন ও শান্ত ফেরেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। রিভিউ নিয়েও শান্ত কাটা পড়েন আম্পায়ার্স কলে।

দলীয় ৫ম ওভারে, দলীয় ১০ রানে স্টার্কের অফস্টাম্পের বাইরের ফুলার বলে ব্যাট চালিয়ে চতুর্থ স্লিপে গ্রিনের হাতে ধরা পড়েন মুমিনুল হক। অস্ট্রেলিয়ার দলীয় ৭ম ও স্টার্কের ব্যক্তিগত ৪র্থ ওভারের ৩য় বলে লিটন দাসের সহজ ক্যাচ ফেলেন বো ওয়েবস্টার। জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি লিটন। পরের বলেই লেগ বিফোরের আবেদনে আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় অস্ট্রেলিয়া। মাত্র ২২ বলের স্পেলে বাংলাদেশের প্রথম ৫ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক! এটি টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ দ্রুততম ফাইফার।

দ্রুততম ফাইফারের রেকর্ডটিও স্টার্কের। গত বছর কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি!

এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দ্রুততম ফাইফার অস্ট্রেলিয়ার আর্নি তোশাক, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও অস্ট্রেলিয়ার স্কট বোলান্ডের। তিনজনই ৫ উইকেট শিকার করেন ১৯ বলের স্পেলে। তোশাক ১৯৪৭ সালে ব্রিসবেনে ভারতের বিপক্ষে, ব্রড ২০১৫ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং বোলান্ড ২০২১ অ্যাশেজে মেলবোর্নে এই কীর্তি গড়েন। পঞ্চম দ্রুততম ফাইফারও একজন অস্ট্রেলিয়ানের। ২০২১ সালে কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ২১ বলের স্পেলে ৫ উইকেট শিকার করেন অযি অলরাউন্ডার শেন ওয়াটসন।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।