এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার কারণ অনুসন্ধান করবে সরকার
ভবিষ্যতে ক্রিকেট ইভেন্ট থেকে যেন পদক ছাড়া দল না ফেরে, সেদিকে লক্ষ্য রাখছে সরকার।

আগের তিন আসরে পদক জেতা বাংলাদেশ এবার এশিয়ান গেমস থেকে ফিরছে খালি হাতে। দ্বিতীয় সারির শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এমন ব্যর্থতার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে সরকার। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এশিয়ান গেমসে সোনার পদক জয়ের আশায় পূর্ণ শক্তির দল পাঠিয়েছিল বাংলাদেশ। সেই প্রত্যাশায় একরাশ হতাশা উপহার দিয়েছে লিটন দাসের দল।
আজ রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল হক বলেন, ‘এশিয়ান গেমসে এবারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। সরকারের বর্তমান লক্ষ্য কেবল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নয়, বরং সরাসরি পদকের জন্য লড়াই করা।’
বাংলাদেশের মতো পূর্ণ শক্তির দল পাঠিয়েছিল ভারত। প্রথমবার পূর্ণ শক্তির দল পাঠিয়ে সোনার পদকে বগলদাবা করেছে দলটি। অন্যদিকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান আইচি-নাগোয়াতে পাঠিয়েছিল দ্বিতীয় সারির দল।
ভবিষ্যতে এমন ইভেন্ট থেকে যেন পদক না নিয়ে ফিরতে হয়, সেসব করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন আমিনুল।
তার কথায়, ‘যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’
২০১০ এশিয়ান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভূক্ত হয়। সেবার স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে এটাই বাংলাদেশের একমাত্র স্বর্ণ পদক। ২০১৪ ও ২০২২ এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারই প্রথম কোনো পদক ছাড়া ফিরতে হলো বাংলাদেশ দলকে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।