খেলারদেশ

শেফালির সেঞ্চুরিতে বিধ্বস্ত বাংলাদেশ

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের কাছে হার দেখল বাংলাদেশের মেয়েরা।

শেফালির সেঞ্চুরিতে বিধ্বস্ত বাংলাদেশ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ভারত যোগ করল ৭২ রান। এমন উড়ন্ত শুরুর পর দুইশ ছুঁই ছুঁই স্কোর গড়ে বাংলাদেশকে ছুঁড়ে দিল চ্যালেঞ্জ। আগের বারের মতো এবারও সেই চ্যালেঞ্জ উতরাতে ব্যর্থ বাংলাদেশ। ফলে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে আর নামতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা।

এখন তাদের লড়তে হবে ব্রোঞ্জের লড়াইয়ে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

দিন কয়েক আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। দুবাইয়ে ওই ম্যাচে ৪০ রানে হেরেছিল। এবার হারল ১১৪ রানের বড় ব্যবধানে।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে শেফালি ভার্মার প্রথম সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রানে থামে ভারতের ইনিংস। জবাবে, মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।

ভারতের হয়ে শেফালি ছাড়াও রান পেয়েছেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রিত কাউর। নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার পথে ১৯ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মান্ধানা। আর অধিনায়ক হারমানপ্রিত ৩৩ বলে করেন ৪০ রান।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৪৩ রানে একটি ও নাহিদা আক্তার ৪৮ রানে নেন এক উইকেট।

১৯৬ রানের জবাবে খেলতে নেমে ওপেনার দিলারা আক্তার ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে ৯ নম্বরে নামা সুলতানা খাতুনের ব্যাটে। এছাড়া ১০ রান করেন শারমিন আক্তার। ভারতের হয়ে নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।